সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর
লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর। প্রতীকী ছবি

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে বলেন, লঘুচাপটি আগামীকাল শনিবারের মধ্যে ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। এরপর বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব থাকবে না।

তিনি বলেন, ‘তবে সাগরে বাতাস আছে এবং সাগর কিছুটা খারাপ থাকায় সেখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরের পর থেকে সাগরের পরিস্থিতি অনেকটা ভালো হবে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার কথাও বলা হয়েছে সতর্কবার্তায়।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা

রাজধানীর আবহাওয়া সম্পর্কে হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ঢাকায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। শনিবার ঢাকায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে রোদও দেখা যেতে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। একই সময়ে ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।